বোমা ফেটে মৃত্যু তৃণমূল কর্মীর, বাসন্তীতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় বিস্ফোরণ

বাসন্তী, ৮ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোটের দিনও রক্ত ঝরল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আনিসুর ওস্তাগর (৫০)। তিনি বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার বাসিন্দা। আনিসুর ফুলমালঞ্চ অঞ্চলের ওস্তাগর পাড়ার ৯২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকেয়া ওস্তাগরের ভাইপো বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে।শনিবার বেলার দিকে ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলে ভোটগ্রহণ চলার সময় লাইনে দাঁড়িয়েছিলেন আনিসুর। সেই সময় আচমকা বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা বিস্ফোরণের ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারেরা আতঙ্কে পালিয়ে যান। তবে বোমা আনিসুরের গায়ে লাগে। তাতে সে মারা গিয়েছে। ওই ঘটনায় বোমা ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় নির্দল প্রার্থীর দলবলের বিরুদ্ধে। তবে স্থানীয় তৃণমূল নেতারা এ নিয়ে অভিযোগ করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিরুদ্ধে।