আগরতলা, ২৩ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে সিধাই থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বহিঃরাজ্যের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার গাঁজার বাজারমুল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে একটি গাড়ি বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে বড়কাঁঠাল থেকে সুরেন্দ্রনগর হয়ে হেজামারার দিকে আসবে। সেই মোতাবেক আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ পুলিশ অভিযানে নেমেছিল। তখন হেজামারা এলাকা থেকে দাঁড় করানো অবস্থায় ডিএল১০সিএ২৭২৪ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মুল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে।

