কলকাতা, ২৩ মে (হি. স.) : রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের অবসরের দিন এগিয়ে আসছে। মাঝে আর মাত্র তিনটি কাজের দিন। ওই পদে নয়া নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রাজ্যের প্রস্তাবে এখনও সাড়া মিলল না রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
রাজভবন সূত্রে খবর, রাজ্যের প্রস্তাবিত নাম নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। তিনি এ বিষয়ে অনুসন্ধান করছেন। চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন রাজ্যপাল। ফলে এই অবস্থায় রাজ্যের নামেই সিলমোহর না কি বিকল্প নাম চান রাজ্যপাল, তা দেখার।
পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হার নাম রাজভবনে পাঠায় রাজ্য। নবান্ন সূত্রে খবর, গত ১৮ মে রাজীবের নাম পাঠানো হয় রাজভবনে। পাঁচ দিন কেটে গেলেও সম্মতি মেলেনি রাজ্যপালের। ফাইল রাজভবনেই রয়েছে।
রাজীববাবুর বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চান আনন্দ বোস। সেই তথ্যে সন্তুষ্ট হলে কমিশনার পদে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন, রাজ্যের নামে রাজ্যপাল সিলমোহর না দিলে ফের নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত আসন্ন। রাজ্য সরকার সূত্রে খবর, নির্বাচন কমিশনারের নাম ঠিক করে রাজ্য। সেখানে রাজ্যপালের পছন্দ থাকে না। রাজ্যপাল শুধু রাজ্যের প্রস্তাবিত নামে স্বাক্ষর করেন।

