মদমত্ত চালকের কারসাজি, নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ব্যারাকে ঢুকল গাড়ি, আহত ৩

বিলোনিয়া(ত্রিপুরা), ৩ মে (হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ব্যারাকে ঢুকে পড়ল গাড়ি। তাতে, রাতের আহার নেওয়ার সময় আচমকা গাড়ি ব্যারাকের ভিতরে প্রবেশ করছে দেখে কোনক্রমে প্রাণে বাঁচলেন তিন পুলিশ কর্মী। তাঁরা গুরুতর আঘাত পেয়েছেন। ওই ঘটনায় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। কিন্তু, পুলিশ সহচালককে আটক করেছে। আহতদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।
এ-বিষয়ে বিলোনিয়া থানার জনৈক পুলিশ কর্মী জানিয়েছেন, প্রতিদিনের মতোই থানা সংলগ্ন ব্যারাকে রাতের আহার করছিলেন পুলিশ কর্মীরা। হটাৎ দেখেন ব্যারাকের ভেতরে গাড়ি ঢুকে পড়েছে। তাঁরা কোনোক্রমে খাবার ফেলে নিজেদের প্রাণ রক্ষা করেছেন। কিন্তু, ওই ঘটনায় অনুপ চাকমা, বশিষ্ঠ ত্রিপুরা এবং হরি কুমার ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। ওই খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।


তিনি জানান, ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন। তবে, গাড়ির সহ-চালককে পুলিশ আটক করেছে। ধারণা করা হচ্ছে, মদমত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের গাড়িতেই পুলিশ কর্মীর আহত হওয়ার ঘটনায় মানুষ নিন্দায় মুখর হয়েছেন।