ভারতে কোভিডের সংক্রমণ ফের নিম্নমুখী! ৬৩-হাজারের গণ্ডি পেরোল সক্রিয় রোগী, মৃত্যু ১৫ জনের

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমেছে, মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬,৬৬০ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৩,৩৮০-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ১৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৩৬৯-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৩,১১,০৭৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৯৪৩ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৪৪,৬৭৯ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ এপ্রিল সারা দিনে ভারতে ১,৮৯,০৮৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।