তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই

নদিয়া, ২১ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টে তাপসের বাড়িতে পৌঁছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

শুক্রবার বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ তাপসের বাড়িতে যায় সিবিআই দল। মোট ৫টি গাড়িতে করে আসেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি ছিল। সিবিআইয়ের অভিযানের সময় বাড়ি লাগোয়া কার্যালয়ে ছিলেন তাপস। তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকেই সদর দরজা তালাবন্ধ করে দেন তদন্তকারীরা। তালাবন্ধ করে দেওয়া হয় বিধায়কের কার্যালয়ও।

তাপসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৮ এপ্রিল তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের ৩ দিনের মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাপসের বাড়িতে যান ১২ জন তদন্তকারী। তাপসের বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। বাড়ি লাগোয়া কার্যালয়েও যায় সিবিআই দল।