ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রাখলো প্রনবানন্দ বিদ্যামন্দির। শনিবার প্রনবানন্দ স্কুল ৯ উইকেটে পরাজিত করে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম বর্ষ অনূর্ধ্ব-১৭ বালিকাদের আন্ত: স্কুল টি-২০ ক্রিকেট আসরে। ড: বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রণভানন্দ স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে নির্ধারিত ওভারে মাত্র ৮৮ রান করে ৫ উইকেট হারিয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। দল সর্বোচ্চ ৪৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে স্নিগ্ধা রায় ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং পূর্বা চৌধুরি ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। প্রণভানন্দ স্কুলের পক্ষে অভিজ্ঞা বর্ধন (২/১১) এবং অশ্মিতা রায় (২/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় প্রণভানন্দ স্কুল। অন্বেষা চক্রবর্তী এবং অভিজ্ঞা বর্ধন দুরন্ত খেলে দলকে জয় এনে দেয়। টানা ২ ম্যাচে জয় পেয়ে বিদ্যাসাগর স্কুলের সঙ্গে গ্রুপের শীর্ষে রয়েছে প্রণভানন্দ স্কুল।
2023-04-08

