নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ আরজেডি নেতা শরদ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শোকব্যক্ত করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরদ যাদব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।
শরদ যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করে মল্লিকার্জুন খাড়গে এক টুইট বার্তায় জানিয়েছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কয়েক দশক ধরে একজন সাংসদ হিসাবে দেশের সেবা করে তিনি সাম্যের রাজনীতিকে শক্তিশালী করেছিলেন।” শরদ যাদবকে শুক্রবার সকালে শেষশ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুল শোকপ্রকাশ করে বলেছেন, “আমি শারদ যাদবজির কাছ থেকে রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখেছি। তাঁর মৃত্যু আমাকে শোকাহত করেছে।”

