নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): দক্ষিণ গোলার্ধের সঙ্গে ভারত সর্বদা উন্নয়নমূলক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার “ভয়েস অফ গ্লোবাল সাউথ শিখর সম্মেলন”-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপনী বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,বিশ্বজুড়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের বেশিরভাগটাই দক্ষিণ গোলার্ধের দেশগুলির জন্য তৈরি না হলেও, তারাই প্রভাবিত হয়েছে সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের কণ্ঠ ভারতের কণ্ঠস্বর, আপনাদের অগ্রাধিকার ভারতের অগ্রাধিকার।”
তিনি বলেছেন, কোভিড-১৯ অতিমারি, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এমনকি রাশিয়া-ইউক্রেন সংঘাত তা আরও স্পষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেছেন, মানবতার তিন-চতুর্থাংশ মানুষ দক্ষিণ গোলার্ধের দেশে বসবাস করে। ভারত সর্বদা দক্ষিণ গোলার্ধের সঙ্গে উন্নয়নমূলক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। আমাদের উন্নয়ন অংশীদারিত্ব সমস্ত ভৌগলিক এবং বিভিন্ন সেক্টরজুড়ে। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সকলকে একসঙ্গে একটি বৈশ্বিক এজেন্ডার আহ্বান করা উচিত। স্বীকৃতি দেওয়া, সম্মান করা এবং প্রতিক্রিয়া জানানো উচিত।

