ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।সহজ জয় পেলো সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম আকাদেমি। ৭ উইকেটে পরাজিত করলো উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটের সুপার লিগে। দিব্যেন্দু সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম আকাদেমি। প্রথমে বল হাতে ৫ উইকেট নেওয়ার বল ব্যাট হাতে ২৭ রান করে দলকে জয় এনে দিতে মূখ্যভূমিকা নেয় ম্যাচের ওই নায়কটি। চরকবাই স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ২৫.২ ওভারে ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অবিনাশ দেববর্মা ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সুরজিৎ দেববর্মা ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম আকাদেমির পক্ষে দিব্যেন্দু সরকার (৫/১৬) এবং তন্ময় দেবনাথ (২/১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম আকাদেমি৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রীতম দেবনাথ ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং দিব্যেন্দু সরকার ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে প্রশান্ত সেন (২/২২) সফল বোলার।
2022-12-29

