বারুইপুর, ২৯ ডিসেম্বর (হি. স.) : এক আইসিডিএস কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। টাকা নিয়ে আবাস যোজনায় নাম তোলার অভিযোগ রয়েছে ওই অঙ্গনওয়ারী কর্মীর বিরুদ্ধে। যারা টাকা দেননি তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলেই বক্তব্য বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধপধপি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমোরহাট মীরপাড়ায়। আইসিডিএস কর্মী সাবেরা কাজির বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, এই অঙ্গনওয়ারী কর্মী টাকা নিয়ে সার্ভের কাজ করেছেন। যারা টাকা দেয়নি তাঁদের নাম তালিকায় তোলেন নি, যারা টাকা দিয়েছেন তাঁদের নাম তালিকায় উঠেছে। এমনকি পাকা ঘর থাকলেও সেই নাম তালিকায় রয়েছে বলেই অভিযোগ তাঁদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ঐ আইসিডিএস কর্মী। তিনি বলেন, “ আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানি না। তিনি কারোর কাছ থেকে টাকাও নেননি। পঞ্চায়েত সমিতির সভাপতি এই বিষয়ে বলতে পারবেন।” স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আমিন ঢালি জানান, এই লিস্ট সম্পর্কেই তার জানা নেই। এই বিষয়ে তিনি প্রধানের সাথে কথা বলবেন ও এই লিস্ট বাতিলের দাবি জানাবেন বলে তার বক্তব্য। যদিও এ বিষয়ে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাননবালা দাস মুখ খুলতে চাননি।

