ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। নতুন মুখ আনা হচ্ছে রাজ্য কাবাডি সংস্থায়। প্রাথমিকভাবে বাছাই পর্বও শেষ। এখন শুধু সিলমোহড় পড়ার অপেক্ষা। জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যেই গঠিত হয়ে যাবে নতুন কমিটি। বুধবার নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে হয় রাজ্য সংস্থার বিশেষ সাধারন সভা। ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তীর সভাপতিত্বে হয় সভা। তাতে বিগত দিনের সংস্থার কাজ নিয়ে আলোচনার পাশপাশি কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা হয়। এবং সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য থেকে ২৫ সদস্যের কমিটি গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, নতুন যে কমিটি আগামী কয়েকদিনের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে তাতে সভাপতি রূপক দেবরায়ের পরিবর্তে আনা হচ্ছে রাজ্য বডি বিল্ডার্স সংস্থার সচিব তনয় দাসকে। সহসভাপতি পদে থাকবেন ৬ জন। রাজ্যের ৮ জেলা থেকে বাছাই করা হবে ৬ জনকে। সচিব হিসাবে সবার পছন্দ হুলো পাল থাকছেন। যুগ্ম সচিব হিসাবে জীবন ঘোষ, টুটন দাস এবং কোষাধ্যক্ষ হিসাবে থাকবেন বিজয় কৃষ্ণ দাস। সংস্থার চিফ পেট্রন হিসাবে রয়েছেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি।
2022-12-14

