রাজৌরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা। এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার মাঞ্জাকোটে তালুকার অন্তর্গত ভীমবের গালির কাছে ডেরি রালয়তে এলাকায়। পুলিশ জানিয়েছে, পুঞ্চের সুরনকোট মহকুমা থেকে রাজৌরি জেলা সদরের দিকে যাচ্ছিল বাসটি। এই দুর্ঘটনায় ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
অন্যদিকে, রাজৌরিতেই অপর একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি-কোটরাঙ্কা-বুধাল সড়কে। পুলিশ জানিয়েছে, কোটরাঙ্কা থেকে রাজৌরির দিকে যাচ্ছিল গাড়িটি, রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে গাছে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় ৪ মহিলা-সহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন-বাশারত আহমেদ, তাঁর স্ত্রী গুড্ডি বেগম, মেয়ে মেহরীন কাউসার, সাঈদা তাবাসসুম, দিলশাদ আহমেদ, গুলনাজ আখতার ও সোলায়মান রশীদ।

