Dharmanagar : ধর্মনগর সাব জেলে বিচারাধীন আসামীর মৃত্যু

ধর্মনগর, ৫ জুন : ধর্মনগর সাব জেলে এক বিচারাধীন আসামীর মৃত্যু ঘিরে শনিবার মধ্য রাতে থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আসামীর নাম মিন্টু মিয়াঁ। জেল সূত্রে জানা গেছে, এনডিপিএস ধারায় মামলায় বিচারাধীন আসামী ছিলেন তিনি। অনেক দিন ধরে আগরতলা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন তিনি।

 ঘটনার বিবরণে জানা যায়, গত ২রা  জুন  কোর্টে হাজিরার জন্য তাকে আগরতলা থেকে ধর্মনগরে আনা হয়। কোর্টে হাজিরা শেষে তাকে রাখা হয় ধর্মনগর সাব জেলে। শনিবার রাতে মিন্টু মিয়াঁর বুকে ব্যথা অনুভব করায় তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। সেখানেই রাত ১টা ৩৮ মিনিটে নাগাদ মৃত্যু হয় মিন্টু মিয়াঁর বলে জানান জেল কর্তৃপক্ষ। এদিকে মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ মিন্টুর মৃতদেহকে হাসপাতালের এক কোণায় ফেলে রাখা হয়েছিল। পরিবারের লোকজনদের আরো অভিযোগ, মৃতদেহ শনাক্ত করার সময় তারা দেখতে পান তার মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল।

এদিকে  জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত পাল চৌধুরী জানিয়েছেন, শনিবার রাতে ধর্মনগর সাব জেল থেকে এক আসামীকে আনা হয়েছিল কিন্তু হাসপাতালে প্রথমিক চিকিৎসার পরই তার মৃত্যু হয়।তবে  মৃতদেহের নাক ও মুখ থেকে ফেনা বের হচ্ছে দেখে পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। মিন্টু মিয়ার ছোট ভাই শফিক মিয়াঁ সহ পরিবারের লোকজন ময়না তদন্তের জন্য দাবী জানিয়েছেন। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, রবিবার ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ।