গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানাল আইএমএফ

ওয়াশিংটন, ২৫ মে (হি. স.) : ভারতকে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)।মঙ্গলবার আইএমএফ প্রধান ক্রিস্টিলানা জিওরগিয়েভা বলেন, ভারতের দেখাদেখি অন্যান্য দেশও গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।’

আইএমএফ প্রধান দিল্লিকে অনুরোধ জানিয়ে আরও বলেন, ‘এই নিয়ে কোনও সন্দেহ নেই যে ভারত সে দেশের ১৩৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেহ নেই, তীব্র দাবদাহের ফলে চলতি বছরে ভারতে কৃষিজাত পণ্য উৎপাদনের মাত্রা কিছুটা হলেও হ্রাস পাবে। এত কিছুর পরেও ভারতের কাছে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তরফ থেকে অনুরোধ রইল গম রফতানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার। সেটা যত দ্রুত হয়, ততই মঙ্গল।

প্রসঙ্গত, গত শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এর পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে। একমাত্র শুক্রবারের আগে যে সমস্ত এল সি (লেটার অফ ক্রেডিট) খোলা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে রফতানির অনুমতি দেওয়া হবে।