তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি : মদের আসরে বচসার জেরে হামলায় আহত হয়েছেন এক গাড়ি চালক। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পুলিন পুর বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে একটি গ্যারেজের ভিতরে মদের আসরে বসেন সঞ্জীব দাস, নির্মল দাস সহ আরো বেশ কয়েকজন। তারা সেখানে আকন্ঠ মদ্যপান করেন। মদের আসরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। একসময় বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। বাক-বিতণ্ডার জেরে সঞ্জীব দাস নির্মল দাসের ওপর হামলা চালায়। তাতে নির্মল দাস গুরুতরভাবে আহত হয়। তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
2022-01-20

