নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : ঋণে জর্জরিত জর্জরিত হয়ে আছে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। বকেয়া ঋণ মেটাতে সরকারের হাতে ছাড়ল শেয়ার। কেন্দ্রীয় সরকারের কাছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থার যা বকেয়া আছে, তা ইক্যুইটিতে রূপান্তরিত করার পর সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৫.৮ শতাংশ শেয়ার।
২০১৬ সাল থেকেই ভোডাফোনের আর্থিক অবস্থা বেশ খারাপ। ভারতের টেলিকম মার্কেটে জিও-র প্রবেশ ভোডাফোনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জিও আত্মপ্রকাশের কিছুদিনের মধ্যেই দেশের এক নম্বর টেলিকম অপারেটর হয়ে উঠেছে। সেখানে ভোডাফোনকে এখন অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভোডাফোনকে এবার কেন্দ্রীয় সরকারের হাতে শেয়ার তুলে দিতে হচ্ছে। গত কয়েক বছর ধরেই আর্থিক লাভ হচ্ছে না ভোডাফোনের। অনেক গ্রাহকই এই সংস্থার সংযোগ ছেড়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে ভোডাফোন গ্রুপ ও কুমার মঙ্গলম বিড়লার যৌথ মালিকানাধীন সংস্থা। বাজারে টিকে থাকার জন্য মরিয়া হয়েই তারা কেন্দ্রীয় সরকারের হাতে শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে, সরকারকে প্রায় ১৬,০০০ কোটি বকেয়া ঋণ দেবে না। পরিবর্তে সেই বকেয়া ঋণকে ইক্যুইটিতে পরিণত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভোডাফোন আইডিয়ার বোর্ড। নয়া সিদ্ধান্তের ফলে সংস্থার প্রায় ৩৫.৮ শতাংশ শেয়ার থাকবে ভারত সরকারের হাতে। ভোডাফোন গ্রুপের হাতে ২৮.৫ শতাংশ শেয়ার থাকবে। আদিত্য বিড়লা গ্রুপের হাতে থাকবে ১৭.৮ শতাংশ শেয়ার। যে ভোডাফোন আইডিয়া ১.৯৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে আছে।
একটি বিবৃতিতে ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে, সংস্থার হিসাব অনুযায়ী, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এবং স্পেকট্রাম বাবদ যে টাকা বকেয়া আছে, তার সুদের বর্তমান মূল্য ১৬,০০০ কোটি টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে। তাতে অবশ্য সিলমোহর দেবে কেন্দ্র।সেইসঙ্গে টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, শেয়ারপিছু ১০ টাকা দরে কেন্দ্রীয় সরকারকে ইক্যুইটি দেওয়া হবে। তাতেও চূড়ান্ত ছাড়পত্র দেবে কেন্দ্র।
শেয়ার বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোডাফোন আইডিয়া সংস্থার এই পদক্ষেপ কিছুটা অপ্রত্যাশিত। কারণ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রিলিফ প্যাকেজ ঘোষণার পর ভোডাফোন আইডিয়ার হাতে নগদের পরিমাণ কিছুটা বেড়েছে। এরপর এই সংস্থা তহবিল গড়ার জন্য একটি নতুন পদক্ষেপের পথে হাঁটবে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে সরকারের হাতে শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভোডাফোন আইডিয়া। এর ফলে সংস্থাটি ভারতের টেলিকম মার্কেটে টিকে থাকবে। তবে সরকারের হাতে বেশি শেয়ার থাকার ফল কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বিশেষজ্ঞদের মতে, বাজারে টিকে থাকতে হলে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা বাড়াতেই হবে।

