চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন, মোদী বললেন উপকৃত হবে বাংলা

কলকাতা ও নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে রিমোটের বোতাম টিপে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এই হাসপাতাল পশ্চিমবঙ্গের অনেক নাগরিকের সুবিধা করবে। শুধু কলকাতা নয়, আশপাশের জেলাগুলিও উপকৃত হবে। বিশেষ করে দুঃস্থদের ক্যানসার চিকিৎসায় এই হাসপাতাল বড় ভূমিকা নেবে। বর্ধমান এবং মুর্শিদাবাদেও ক্যানসারের চিকিৎসা হবে।’’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘এই অনুষ্ঠানে একটা কথা বলতে চাইব। আজ একটা গুরুত্বপূর্ণ দিন, যখন ভারতে ১৫০ কোটি টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। তা-ও এক বছরের কম সময়ে এই টিকাকরণ হয়েছে। এটা আত্মনির্ভরতা, আত্মগৌরবের প্রতীক।’ প্রধানমন্ত্রী জানান, ‘‘দেশে দেড় কোটি কিশোর-কিশোরীরও টিকাকরণ হয়েছে। মাত্র পাঁচ দিনের মধ্যে দেশের কিশোর-কিশোরীদের প্রথম টিকা দেওয়া হয়েছে। ৯০ শতাংশেরও বেশি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে।’’ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে উপস্থিত থেকেছি প্রধানমন্ত্রীর জন্য। বাংলার উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন, এ জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সব সুযোগসুবিধা থাকবে ওই হাসপাতালে। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা, রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস এবং চিকিৎসকদের আবাসন। থাকছে ৭৫০টি শয্যা। প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ওই দ্বিতীয় ক্যাম্পাস।