মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): বিতর্ক আর পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর। টি২০ বিশ্বকাপে পারফরম্যান্সের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন, এবার দুবাই থেকে ফিরতেই আরও এক বিতর্কে জড়ালেন হার্দিক। রবিবার রাতে (১৪ নভেম্বর) দুবাই থেকে ফেরার পথে মুম্বই বিমানমন্দরে তাঁর কাছ থেকে দু’টি দামি ঘড়ি বাজেয়াপ্ত করেছেন শুল্ক বিভাগের আধিকারিকরা। ঘড়িগুলির দাম ৫ কোটি টাকা! যদিও মঙ্গলবার হার্দিক দাবি করেছেন, সবটাই ভুয়ো খবর। ঘড়ির সব কাগজ জমা দিয়েছেন তিনি।
মুম্বই শুল্ক বিভাগ জানিয়েছে, দুবাই থেকে ফেরার পথে রবিবার রাতে হার্দিক পাণ্ড্যর দু’টি হাত ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রিক্রেটার ঘড়িগুলির বিলের রশিদ দেখাতে পারেননি বলে অভিযোগ। ঘড়ি দু’টির দাম প্রায় পাঁচ কোটি টাকা। হার্দিকের কাছে ঘড়ি দু’টি কেনার বিল দেখতে চাইলে তিনি নাকি তা দেখাতে পারেননি। তার পরে সেগুলি বাজেয়াপ্ত করেন শুল্ক বিভাগের আধিকারিকরা।
এই বিতর্ক থামাতে মঙ্গলবার টুইটারে হার্দিক জানিয়েছেন, ‘আমি নিজেই মুম্বই বিমানমন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই। আমি তাঁদের জানাই, সব নিয়ম মেনেই ঘড়ি কেনা হয়েছে। আমার কাছে যা কাগজ চাওয়া হয়েছে সব জমা দিয়েছি। তার পরেও আমার একটি ঘড়ির মূল্য নির্ধারণের জন্য সেটি রেখে দেন আধিকারিকরা। ঘড়িটির দাম দেড় কোটি। আমার কাছ থেকে দু’টি ঘড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভুয়ো।’

