Greetings from the Chief Minister and Information Minister : জাতীয় প্রেস দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক, সংবাদকর্মীসহ গণমাধ্যমের সাথে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷ শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ১৬ নভেম্বর দিনটি জাতীয় প্রেস দিবস হিসেবে পালন করা হয়৷ ১৯৬৬ সালে এই দিনেই প্রেস কাউন্সিল অব ইণ্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল৷ এরপর থেকেই এক একটি ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে প্রতিবছর জাতীয় প্রেস দিবস পালিত হয়৷


গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে গণমাধ্যম৷ গণতন্ত্রের ভিতকে শক্ত ও মজবুত রাখতে গেলে গণমাধ্যমের সার্বিক স্বাধীনতা আবশ্যক৷ রাজ্য সরকার সাংবাদিক ও মিডিয়ার স্বাধীনতায় আন্তরিকভাবে বিশ্বাসী৷ এই সময়ের মধ্যেই মিডিয়ার বন্ধুরাসহ রাজ্যের মানুষ সেটা অনুভব করতে পেরেছেন৷
জাতীয় প্রেস দিবসে আমার আবেদন থাকবে, সাংবাদিক ও মিডিয়ার সাথে সরকারের হৃদ্যতাপূর্ণ যে পরিবেশ রয়েছে তাতে ত্রিপুরার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে মিডিয়া ইতিবাচক ভূমিকা নেবে৷
এদিকে, আগামীকাল ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস৷ জাতীয় প্রেস দিবস উপলক্ষে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী রাজ্যের সমস্ত সংবাদপত্র, বৈদ্যতিন চ্যানেল ও সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷


শুভেচ্ছাবার্তায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় প্রেস দিবস (ন্যাশনাল প্রেস ডে) হলো ভারতের জাতীয়স্তরের সাংবাদিকতা দিবস৷ ১৯৬৬ সাল থেকে প্রতি বছর ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়৷ ১৯৬৬ সালে প্রেস কাউন্সিল অব ইণ্ডিয়া নামে একটি স্বশাসিত সংস্থা গঠিত হয়৷ এই সংস্থাটি মূলত সংবাদমাধ্যমের স্বাধীনতা, গুণমান এবং উন্নতিসাধনের লক্ষ্যেই গঠিত হয়েছিলো৷ ১৯৬৬ সালের ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল কাজ শুরু করে৷ এই দিনটিকে মরণে রেখে প্রতি বছর ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সারা দেশে জাতীয় প্রেস দিবস উদযাপিত হয়৷
শুভেচ্ছা বার্তায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, ভারতবর্ষের মতো বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জাতীয় প্রেস দিবস মূলত সংবাদমাধ্যমের কাছে একটি নৈতিক প্রহরী হিসেবে কাজ করে আসছে৷ এই পবিত্র দিনে সংবাদ পরিবেশনে সংবাদমাধ্যমগুলি নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করুক৷ সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ৷