আগরতলা, ১৫ মার্চ (হি.স.)৷৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করা হচ্ছে৷ আগামীকালও ওই ধর্মঘট পালন করা হবে৷ ফলে, সারা দেশের সাথে ত্রিপুরায়ও এই ধর্মঘটের সরাসরি প্রভাব পড়েছে৷ ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়ন দুদিন ব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে৷
সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত এ-বিষয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ব্যাংক গুলিকে বেসরকারিকরণ-র মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীর্মলা সীতারমণ বাজেট প্রস্তাবে এ-বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে৷
এদিন তিনি মেনে নিয়েছেন, ধর্মঘটের ফলে সাধারণ গ্রাহকরা সমস্যার সম্মুখীন হবেন৷ কিন্তু ধর্মঘট ছাড়া অন্য কোনও পথ খোলা নেই বলে দাবি করেন তিনি৷ তাঁর দাবি, ব্যাঙ্ক বেসরকারীকরণ হলে শুধুমাত্র কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন এমনটা নয়, সাধারণ মানুষও এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷
আজ সকাল থেকেই আগরতলা সহ বিভিন্ন স্থানে ব্যাংক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন৷ ব্যাংকগুলিতে কাজকর্ম বন্ধ৷ এটিএম সহ অনলাইন লেনদেনেও গ্রাহকদের ভোগান্তি হচ্ছে৷ বিশেষ করে, শনি ও রবিবার টানা দুদিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে৷

