দুই গোষ্ঠীর ছাত্রদের সংঘর্ষে উত্তেজনা বিলোনিয়া কলেজে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ দুই ছাত্রর হাতাহাতির জেরে রক্তাক্ত বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়৷ ঘটনা বুধবার দুপুরে৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধি খবর পেয়ে হাসপাতালে সংবাদ সংগ্রহে যাওয়ার পর ,বাঁধা দেওয়ার পাশাপাশি অশালীন আচরণ অম্লান রায় নামে এক ছাত্রের৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিক মহলে৷ জানানো হয়েছে উর্দতন কর্তৃপক্ষকে৷


ঘটনায় জানা যায়, মঙ্গলবার প্র্যাকটিক্যাল এর জন্য বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের একটি দল আগরতলা যায়৷ তারা রেলে করে ফিরে আসার সময় কোন একটা কথা নিয়ে একাধিক ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ এই ঘটনার কারণ জানতে চেয়ে বুধবার দুপুরে কলেজ অভ্যন্তরে গাছ তলায় ছাত্রদের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়৷ হৃদয় মজুমদার ও দেবাশীষ বণিকের মধ্যে একসময় উত্তেজনাবশত হাতাহাতিতে দেবাশীষ বণিকের মাথায় চোট লাগে৷ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷আহত কলেজ পড়ুয়া ছাত্রের দেবাশীষ বনিকের বাড়ি কলেজ সংলগ্ণ এলাকায়৷ বিজ্ঞান বিভাগের কেমেস্ট্রি বিষয় নিয়ে পঞ্চম সেমিস্টারের ছাত্র৷ অপরদিকে এবিভিপি কলেজ ইউনিট এর সম্পাদক হৃদয় মজুমদার তৃতীয় সেমিস্টারের ছাত্র৷ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় বিলোনিয়া হাসপাতালে আনার পর সেলাই দিয়ে ছেড়ে দেওয়া হয় দেবাশীষ বনিককে৷খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়৷ পরে অবশ্য ছাত্র-ছাত্রীদের পক্ষে থানা কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয় বিষয়টি মহাবিদ্যালয় এর আভ্যন্তরীণ বিষয়৷ আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে৷ পুলিশ চলে আসে৷

এদিকে হাসপাতালে এই সংবাদ সংগ্রহে করতে গিয়ে ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সমির দেবনাথ বাধাপ্রাপ্ত হন৷ জানা গেছে অম্লান রায় নামে এক যুবক সাংবাদিক সমির দেবনাথকে সংবাদ সংগ্রহের বাধার সৃষ্টি করে৷ ফুটেজ না নিতে হুমকি দেয়৷ এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়৷ সমির দেবনাথ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন৷