অগ্ণিদগ্দ ছাত্রীর খোঁজ নিলেন সাংসদ, শিক্ষামন্ত্রী ও বিধায়ক

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ গতকাল সরস্বতী পূজায় সেলফি তুলতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের আশি শতাংশের অধিক পুড়ে গেছে এক ছাত্রীর৷ আগরতলার জিবি হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা দে৷ আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সাথে চিকিৎসায় সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি৷


মঙ্গলবার সমগ্র ত্রিপুরায় মহা ধুমধামে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে৷ বিভিন্ন সুকলে ছাত্রছাত্রীরা বাগদেবীর পূজাকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন৷ কিন্তু দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় ওই আনন্দ বিপদ ডেকে এনেছে৷ বনকর এলাকার বাসিন্দা ঝুমা দে তার বান্ধবীদের সাথে মিলে সেলফি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে৷ সেলফি তোলার সময় তার শাড়িতে আগুন লেগে গেলে সহপাঠীরা অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারেনি৷ মুহূর্তের মধ্যে বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্য ছাত্রছাত্রীরা ভয়ে ছুটাছুটি শুরু করে৷

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, ঝুমা-র শরীরে আশি শতাংশ পুড়ে গেছে৷ বিদ্যাপীঠ সুকলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দেব এ-বিষয়ে বলেন, পূজার প্রসাদ বিতরণ করার পর বন্ধুদের সাথে সেলফি তুলছিল ঝুমা৷ তখনই দুর্ঘটনাটি ঘটেছে৷ তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন ঝুমা-র জ্ঞান ফিরেছে৷ তবে, এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷
আজ জিবি হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি বলেন, ওই ছাত্রীর শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে৷ এখন ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া কোনও উপায় নজরে আসছে না৷ তিনি জানান, চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে৷ উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে৷ এছাড়া রোগী কল্যাণ সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসায় যাবতীয় সমস্ত খরচ সরকারি কোষাগার থেকে ব্যয় করতে হবে৷ তিনি আক্ষেপ করে বলেন, সরস্বতী পূজায় সাধারণত সব মেয়েই শাড়ি পরে আনন্দ করেন৷ সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে৷


এদিকে, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী রতন লাল নাথও হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছে৷ তাছাড়া, বিধাযক অরুণ চন্দ্র ভৌমিকও হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷ জানা গিয়েছে, ওই ছাত্রীর শারীরিক অবস্থা তেমন ভাল নয়৷