পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্য অতিরিক্ত অনুদান পেল মোট ৮৭৫ কোটি টাকা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) ৷৷ পঞ্চদশ অর্থ কমিশনে অতিরিক্ত অনুদান পেল ত্রিপুরা৷ যার মোট অঙ্ক ৮৭৫ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকার এবং অর্থ কমিশন এই অনুমোদন দেওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷


চম্পকনগর ও চম্পাইছড়ায় দুটি ড্যাম নির্মাণের জন্য ৪০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশন৷ এর ফলে আগরতলা মিউনিসিপ্যাল এলাকা ও সংলগ্ণ অঞ্চলে পানীয় জলের আর কোনও সমস্যা থাকবে না৷ নির্মাণ কাজে তৈরি হবে কর্মসংস্থানও৷ মাতাবাড়ি ত্রিপুরাশ্বরী মন্দিরে রোপওয়ে, ৫১ শক্তিপীঠ নির্মাণ এবং নীরমহল সাউন্ড অ্যান্ড লাইট শো প্রকল্পে ১৭৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷ এর ফলে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে ত্রিপুরায়৷


রাজ্যের বিভিন্ন সরকারি দফতরকে এক ছাদের নীচে আনার জন্য গড়ে তোলা হবে একটি বিল্ডিং কমপ্লেক্স৷ তার ফলে, এক দফতর থেকে আর এক দফতরে ফাইল দেওয়া-নেওয়া এবং কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হবে৷ এই বিল্ডিং কমপ্লেক্স নির্মাণের জন্য ১০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশন৷


খোয়াই, বিশ্রামগঞ্জ, আমবাসা, বিলোনিয়া, কৈলাসহর এই পাঁচটি জেলা সদর শহরের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রতিটি জেলা সদর পিছু ২৫ কোটি টাকা৷ এই অর্থে নিকাশি ব্যবস্থা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সড়ক আলো সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন করা হবে৷ একই কাজের জন্য ধর্মনগর ও উদয়পুর সদর শহরের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মোট ৭৫ কোটি টাকা৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, ‘‘এর ফলে একদিকে যেমন পর্যটন ক্ষেত্রে রাজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে একই সঙ্গে জল সরবরাহ, পরিকাঠামো উন্নয়নের মতো কাজও সম্পন্ন হবে৷ রাজ্যের বিকাশের যাত্রাপথে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে৷’’