নিজস্ব প্রতিনিধি, সাব্রুম/কুমারঘাট, ২৬ আগস্ট৷৷ শাসক-বিরোধী সংঘর্ষে ত্রিপুরায় উত্তপ্ত হয়ে উঠেছে সাব্রুমের রুপাইছড়ি ব্লক এলাকা৷ সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে৷ দুই দলের আট জন কর্মী গুরুতর আহত হওয়ায় চিকিৎসকরা তাদের গোমতি জেলা হাসপাতালে পাঠিয়েছেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে৷
সারা রাজ্য ব্যাপী কর্মসূচির অন্তর্গত সিপিএম আজ বিক্ষোভ সভা সংগঠিত করেছিল৷ রুপাইছড়ি ব্লকের সামনে ওই কর্মসূচি চলাকালীন বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ তাতে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়ঊ সিপিএমের অভিযোগ, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশের সামনেই বিজেপি আশ্রিত দুষৃকতীরা হামলা করেছে৷ ওই হামলায় বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন৷ সিপিএমের দাবি, তিন কর্মীর আঘাত গুরুতর৷ তাই তাদের গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন ডাক্তাররা৷
বিজেপি-র পাল্টা অভিযোগ, আজ সকালে বুথ সভাপতি হিরক ত্রিপুরা বাজারে যাওয়ার সময় সিপিএমের গুণ্ডা বাহিনী হামলা করেছে৷ তাতে হিরকবাবু গুরুতর আহত হয়েছেনঊ তাকে বাঁচাতে গিয়ে আরও চারজন বিজেপি কর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন৷ তাদেরকে গোমতি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বিজেপি-র অভিযোগ, পুলিশ আজ সিপিএম কর্মীদের সহায়তা করেছে৷ কারণ, ঝামেলা সিপিএমের কর্মীরা শুরু করলেও পুলিশ বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পুলিশ কর্মী বলেন, দুই দলের কর্মীরা আজ প্রচণ্ড উত্তেজিত হয়ে তাণ্ডব চালিয়েছেন৷ ওই সব কর্মী দুই বাইকে আগুন ধরিয়ে দিয়েছে৷ তাতে দুটি বাইক আগুন পুড়ে ছাই হয়ে গেছেঊ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷
দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে৷ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷
এদিকে, বুধবার দিন দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ফটিকরায় অটো স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত৷ অফিসের ভিতরে আচমকা ঢুকে আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷ জানা যায় বুধবার দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ফটিকরায় সিপিআইএমের পক্ষ থেকে ১৬ দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলাকালে দুর্বৃত্তরা সিপিআইএম পার্টি অফিসে ঢুকে হামলা ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ সিপিআইএম পার্টি অফিস ভাঙর ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয় জনগণের মনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷দুর্বৃত্তরা সিপিআইএমপার্টি অফিসে ঢুকে হামলা ভাঙচুর চালায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ৷অবিলম্বে সিপিআইএম পর্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷

