নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ফের আন্দোলনে সরব এএনএম ডিগ্রীধারীরা৷ বৃহস্পতিবার তারা গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে ঘেরাও করে আন্দোলনে সামিল হয়৷ তাদের দাবি পূর্বে নিয়মিত ভাবে প্রতিবছর এ কোর্স করা ছেলেমেয়েদের স্বাস্থ্য দপ্তর নিয়োগ করে আসলেও গত আড়াই বছরে নিয়োগ হয়নি৷
এই সরকার গঠনের প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তারা নিয়োগের জন্য দাবি জানিয়েছিলেন৷ স্বাস্থ্যমন্ত্রী ইতিবাচক আশ্বাস দিলেও কোন ধরণের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি৷ বিশেষ করে এমপিডাব্লুও পোস্টে তাদের নিয়োগের কথা৷ বর্তমানে প্রায় সাড়ে ৭০০ এর উপর ছেলে মেয়ে বেকার অবস্থায় রয়েছে৷ সর্বশেষ ২০১৭ সালের প্রথম দিকে করা হয়েছিল কিছু ছেলেমেয়ে৷
পরবর্তী সময় এই বছরের শেষের দিকে তৎকালীন সরকার পুনরায় সিদ্ধান্ত নিলেও নির্বাচনের কারণে তা স্থগিত হয়ে যায়৷ বিজেপি-আইপিএফটি সরকার এক্ষেত্রে কর্মচারী নিয়োগ না করে পূর্বতন সরকারের নিয়োগ নীতি বাতিল করে দেয়৷ গত আড়াই বছর ধরে তারা বারবার ডেপুটেশন দিলেও কোন ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি৷
প্রসঙ্গতক্রমে ডেপুটেশন দিতে আসা বেকাররা আরোও জানান বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না তারা৷ স্বাস্থ্য অধিকর্তার নিকট মিলিত হয়েছেন কয়েকবার৷ অধিকর্তা নিজেই জানিয়েছেন ৭০০ পদ খালি রয়েছে৷ বার বার ফাইল পাঠানোর পরেও এইগুলি ফেরত আসছে৷ এই ব্যাপারে তারা ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করে ডেপুটেশান ও স্মরণ লিপি প্রদান করেন৷

