ত্রিপুরায় ফের বিজেপি-আইপিএফটি সংঘর্ষ, উত্তেজনা

তৈদু (ত্রিপুরা), ১২ আগস্ট (হি.স.) : আবারো ত্রিপুরায় দুই শরিক দলের সদস্যদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। দলত্যাগকে ঘিরে আইপিএফটি সমর্থকরা জোট শরিক বিজেপি কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, বাইক ভাঙচুরও হয়েছে। গতকালের ওই ঘটনার রেশ ধরে আজও তৈদু বাজারে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরবর্তীতে দুই দলের শীর্ষ নেতৃত্ব থানায় গিয়ে সমঝোতা করবেন বলে গোমতির পুলিশ সুপারকে আশ্বস্ত করেছেন।

বুধবার বিজেপি এসটি মোর্চার উপদেষ্টা সদস্য তথা অমরপুর বিএসি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া বলেন, মঙ্গলবার রাতে অম্পি মণ্ডলের তৈদু বাজারে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীরা আইপিএফটি-র পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করা হয়েছে। এখানেই থেমে থাকেননি আইপিএফটি কর্মীরা। তারা মদমত্ত অবস্থায় বিজেপি কর্মীদের ওপর হামলা করেছে। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু আজ সকালে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সঞ্জয়বাবু বলেন, আইপিএফটি-র ভয়ে কয়েকজন বিজেপি কর্মী পার্টি অফিসে আশ্রয় নিয়েছিলেন। আজ সকালে আইপিএফটি কর্মীরা তাদের লক্ষ্য করে গালাগালি দেন। তাতে, বিজেপি কর্মীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাঁর দাবি, আজ সকালের সংঘর্ষে দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। সাথে আইপিএফটি-র এক কর্মীর বাইক ভাঙচুর হয়েছে।

এদিকে, আজকের ঘটনায় অম্পি থানায় আইপিএফটি মামলা করেছে। সংঘর্ষের খবর পেয়ে গোমতির পুলিশ সুপার লাকি চৌহান ঘটনাস্থলে ছুটে আসেন এবং উভয় দলের কর্মীদের শান্ত থাকার জন্য বুঝিয়েছেন। তিনি বলেন, দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় পর্যাপ্ত পুলিশ টিএসআর মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার মধ্যে এলাকায় শান্তি বিরাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজেপি এসটি মোর্চার উপদেষ্টা সদস্য বলেন, আজকের ঘটনায় শীর্ষ নেতৃত্ত্বদের ডেকে আলোচনা করা হয়েছে। দুই দল সমঝোতা করতে চাইছে। তাই, থানায় গিয়ে পুলিশের সামনে দুই দলই সমঝোতার আশ্বাস দিয়েছে।