করোনা রুখতে ‘জনতা-কারফিউ’-র ডাক প্রধানমন্ত্রী, স্বাগত জানাল আরএসএস

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কোভিড-১৯ নভেল করোনাভাইরাস রুখতে ‘জনতা-কারফিউ’-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রবিবার, ২২ মার্চ সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দিয়ে দেশবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বাণ, ‘সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ঘরে থাকুন| জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না|’ প্রধানমন্ত্রীর এই আহ্বাণকে স্বাগত জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)|

শুক্রবার টুইট মারফত আরএসএস-এর সরকার্যবাহ সুরেশ (ভাইয়াজি) যোশী জানিয়েছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রীর আবেদনকে স্বাগত জানিয়েছে আরএসএস| সংকল্প এবং সংযম-এর মন্ত্র অনুসরণ করতে বলা হচ্ছে সমস্ত স্বয়ংসেবকদের এবং ২২ মার্চ জনতা কারফিউ-সহ কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টাকে সফল করে তোলার জন্য যাবতীয় উদ্যোগকে সমর্থন করুন| সরসঙ্ঘচালক সুরেশ (ভাইয়াজি) যোশির আবেদন, জনসচেতনতা প্রসারের জন্য গঠনমূলক ভূমিকা পালন করে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অবদান রাখুন|