নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ মারপিটের ঘটনায় তেলিয়ামুড়া থানা ফের একবার সংবাদ শিরোনামে৷ এবার অভিযোগ এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে৷ মদ বিরোধী অভিযানে গিয়ে পঞ্চন শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ করেন আক্রান্ত ছাত্রীর পরিবার৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া পুলিশ কৃষ্ণপুর এলাকায় মদ বিরোধী অভিযানে যায়৷ অভিযানকালে এলাকার স্বপন বিশ্বাস বাড়িতে ছিলেন না৷ তখন স্বপন বিশ্বাসের ১১ বছরের নাবালিকা কন্যা পুলিশকে দেখে ভয় পেয়ে ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে৷ তখনই মহিলা পুলিশ কর্মী ওই নাবালিকার গালে চড় মারে এবং লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ পরবর্তী সময়ে পরিবারের লোকজন ওই শিশুটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকায় গোটা এলাকায় ছিঃ ছিঃ রব পড়েছে৷

