দাবি আদায়ে বিএসএনএল পেনশনার্সদের ১ ঘণ্টার ধরনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ পেনশন সংশোধনের দাবিতে ১ ঘণ্টার ধরনা সংগঠিত করলেন বিএসএনএল-এর পেনশনার্সরা৷ সারা দেশের সাথে ত্রিপুরাতেও এই কর্মসূচি পালিত হয়েছে৷ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও এখন তাঁদের দাবি পূরণ সম্ভব নয় বলছে, তাই আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সদর শাখার সভাপতি বিমল চন্দ্র পাল৷


তিনি বলেন, ২০১৮ সালের ৩ ডিসেম্বর তৎকালীন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএসএনএল পেনশনার্সদের দাবি মেনে পেনশন সংশোধন করা হবে৷ সে মোতাবেক পেনশনক্রমে ১৫ শতাংশ বৃদ্ধি হওয়ার কথা ছিল৷ শুধু তা-ই নয় ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু এখন তা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷


তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে নেমেছেন বিএসএনএল পেনশনার্সরা৷ তিনি বলেন, আজ সংসদ অভিযানের কর্মসূচি ছিল৷ কিন্তু করোনা ভাইরাসের জন্য সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে৷ তাঁর বক্তব্য, সারা দেশের সাথে আজ ত্রিপুরায় ১ ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করছি আমরা৷