এখন আর আগের মতো নেই কংগ্রেস : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): কংগ্রেস এখন আর আগের মতো নেই| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর আক্ষেপ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন দীর্ঘ দিনের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, হাত ছেড়ে পদ্ম-শিবিরে যোগ দিতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| মঙ্গলবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন জ্যোতিরাদিত্য| দল-বিরোধী কার্যকলাপের জন্য জ্যোতিরাদিত্যকেও বরখাস্ত করেছিল কংগ্রেস| শুধুমাত্র বাকি ছিল আনুষ্ঠানিকতা| সেটাই পূর্ণ হয়েছে বুধবার| বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘ জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্য ধন্যবাদ| তাঁরা আমাকে বিজেপি পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন এবং নিজেদের পরিবারে আমাকে স্থান দিয়েছেন|’

আবেগাপ্লুত হয়ে সিন্ধিয়া বলেছেন, ‘আমার জীবনে দু’টো তারিখ ভীষণ গুরুত্বপূর্ণ| প্রথম তারিখ ৩০ সেপ্টেম্বর ২০০১, ওই দিন বাবাকে হারিয়েছিলাম| জীবন বদলের দিন ছিল সেটা| ১০ মার্চ ২০২০, দ্বিতীয় দিন| জীবনে নতুন পরিকল্পনা, নড়া মোড় এসেছে এই দিন|’ আক্ষেপ প্রকাশ করে জ্যোতিরাদিত্য বলেছেন, ‘কংগ্রেস এখন আর আগের মতো নেই| কংগ্রেসে থেকে জনগণের সেবা করতে পারছিলাম না| বাস্তবকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতারা|’ কমল নাথ সরকারের তীব্র নিন্দা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘কৃষকরা হতাশ, যুবরা হতাশ, রোজগার নেই মধ্যপ্রদেশে| প্রতিশ্রুতি পালনে ব্যর্থ মধ্যপ্রদেশ সরকার| সত্যের পথ নিলেই তাঁকে টার্গেট করা হচ্ছে|’ সিন্ধিয়া আরও বলেছেন, ‘আমি ভাগ্যবান যে মোদীজী, নড্ডাজী আমাকে জনসেবা করার সুযোগ দিচ্ছেন| মোদীজী, অমিত শাহজী এবং বিজেপির হাজার হাজার সমর্থকের দেখানো পথে আমি চলব|’

এদিন জ্যোতিরাদিত্যকে পদ্ম-শিবিরে স্বাগত জানানোর পর জে পি নাড্ডা বলেছেন, ‘আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে খুব খুশির দিন| রাজমাতাও জনসঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন| আমাদের কাছে রাজমাতা আদর্শ ছিলেন এবং আমাদের প্রত্যেকের জন্য পথ প্রদর্শক ছিলেন তিনি| শৈশব থেকেই দলের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন তিনি| জ্যোতিরাদিত্য আজ আমাদের পরিবারে যোগদান করেছেন| আমি তাঁকে স্বাগত জানাচ্ছি|’