করোনাভাইরাস আতঙ্কের জেরে আইপিএল বন্ধের দাবি জানিয়ে আবেদন মাদ্রাজ হাইকোর্টে

মুম্বাই, ১১ মার্চ (হি. স.) : করোনাভাইরাস আতঙ্কের জেরে এবার আইপিএল বন্ধ হওয়ার জোগাড়। মাদ্রাজ হাইকোর্টে মঙ্গলবার আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারপতি এমএম সুন্দরেশ ও কৃষ্ণাণ রামাস্বামীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ১২ মার্চ।

ঠিক দু’দিন আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে। তারপরেই এই জনস্বার্থ মামলা করা হল।

মামলাকারীর বক্তব্য, ‘করোনা ভাইরাস ঠেকানোর ওষুধ এখনও জানা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেরকমই জানিয়েছে। এরপরেও আইপিএল আয়োজন করাটা ঝুঁকির হয়ে যাবে।’ ইতিমধ্যেই কর্ণাটকের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী কে সুধাকর কেন্দ্রকে চিঠি দিয়েছেন। বেঙ্গালুরুতে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে কেন্দ্রের সম্মতি চেয়েছেন তিনি। বোর্ড কিন্তু যথাসময়েই আইপিএল শুরু করতে মরিয়া। সভাপতি সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছেন, যথাসময়েই শুরু হবে এই টুর্নামেন্ট। করোনা নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভয়ের কোনও কারণ নেই।