ভোপাল, ১১ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে দলের বাকি ৯৫ জন বিধায়কদের বাঁচাতে জয়পুরে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রাজস্থানের জয়পুর পৌঁছনোর জন্য কংগ্রেস বিধায়কেরা ভোপালের রাজা ভোজ বিমানবন্দর পৌঁছিয়ে যায়। পরে সেখান থেকে বিমানে করে দুপুর ২টো ৩০মিনিট নাগাদ জয়পুর পৌছয় বিধায়কেরা। বিমানবন্দরে কংগ্রেস বিধায়কদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস সরকারের মুখ্য সচেতক মহেন্দ্র চৌধুরী, পরিবহণমন্ত্রী প্রতাপ সিং। সেখান থেকে বিধায়কদের লাক্সারি বাসে করে দিল্লি রোডের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হবে।
এর আগে এদিন দুপুর ১২টা নাগাদ তিনটি বাসে করে বিমানবন্দর এসে পৌঁছন কংগ্রেসের ৯৫ জন বিধায়ক। রাজ্যের মন্ত্রী সজ্জন সিং বর্মা জানিয়েছেন যে বিধায়কদের সঙ্গে তিনিও জয়পুরে যাচ্ছেন। জয়পুরের বিউনা ভিস্তা রিসোর্টে এই সকল বিধায়কদের রাখা হবে। অন্যদিকে দলের ২০ জন বিদ্রোহী বিধায়কেরা বিজেপি শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুর রিসোর্টে গিয়ে আশ্রয় নিয়েছে।

