নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): কংগ্রেস থেকে ইস্তফা দেওয়া নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট| জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে, তীব্র নিন্দার সুরে অশোক গেহলট জানিয়েছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| জ্যোতিরাদিত্যকে ‘ক্ষমতালোভী’-ও আখ্যা দিয়েছেন গেহলট|
যাবতীয় জল্পনার মাঝে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| মোদী-শাহের সঙ্গে বৈঠক করার পরই কংগ্রেস থেকে ইস্তফা দেন জ্যোতিরাদিত্য| কংগ্রেস থেকে ইস্তফা দেওয়া নিয়েই জ্যোতিরাদিত্যকে আক্রমণ করেছেন অশোক গেহলট| টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জনগণের আস্থা এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সিন্ধিয়া|’ বিজেপিতে যোগ দিতে পারেন জ্যোতিরাদিত্য, এই সম্ভাবনার প্রেক্ষিতে অশোক গেহলট টুইটারে লিখেছেন, জাতীয় সঙ্কটের সময় বিজেপির সঙ্গে হাত মেলানোর অর্থ, স্বার্থপর রাজনৈতিক আকাঙ্খা পূরণ করা|

