নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ অবশেষে বাড়ি ফিরে গেলেন আনন্দবাজার থানার শিবিরে আশ্রিত বাঙালি উদ্বাস্তুরা৷ ৮৫ দিন শিবিরে কাটিয়ে তাঁরা বাড়ি ফিরলেন৷ ধারণা করা হচ্ছে, বিজেপি-র মধ্যস্থতায় বাঙালি উদ্বাস্তুরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছেন৷ কারণ, প্রশাসন তাঁদের দাবি মেনে নেয়নি৷ বরং বিবেচনার আশ্বাস দিয়েছেন৷
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আইপিএফটি-র ডাকা ত্রিপুরা বনধে বাঙালি উদ্বাস্তুরা আক্রান্ত হয়েছিলেন৷ প্রায় ৯৩টি বাঙালি পরিবার আনন্দবাজার থানায় আশ্রয় নিয়েছিলেন৷ তাঁদের বাড়িঘর, দোকান-পাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বনধ সমর্থকরা৷ এর পর থেকে তাঁদের বাড়ি ফিরে যাওয়ার জন্য একাধিক প্রয়াস নেওয়া হয়েছিল৷ কিন্তু ক্ষতিপূরণ এবং নিরাপত্তার প্রশ্ণে তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন না৷ মাঝে তাঁদের মধ্যে ৭ পরিবার বাড়ি ফিরে গিয়েছেন৷
আজ (বৃহস্পতিবার) বাকিরাও শিবির বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে গেছেন৷ এ-বিষয়ে বাঙালি উদ্বাস্তু ফোরামের সভাপতি রথীন্দ্র রায় বলেন, আজ কাঞ্চনপুর বিজেপি মণ্ডল সভাপতি এবং সহ-সভাপতির সাথে আলোচনার মাধ্যমে আগামী দিনে দাবি পূরণে আশ্বস্ত হয়েছি৷ এদিনের বৈঠকের অন্তিম মুহূর্তে কাঞ্চনপুর মহকুমাশাসকও এসেছিলেন এবং আমাদের দাবিগুলি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ তাই আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বলেন তিনি৷

