নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ মার্চের মধ্যেই চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানে বিকল্প ব্যবস্থা করা হবে৷ আশার বাণী শোনালেন ত্রিপুরার শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, আইনি পথে তাঁদের জন্য স্থায়ী সমাধানের পথ খোঁজা হবেই৷ চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা ক্রমাগত আন্দোলন করছেন৷ কারণ, আগামী ৩১ মার্চের পর তাঁদের চাকরি থাকবে না৷
আজকেও তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলন করার এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের অধিকার সকলের রয়েছে৷ ফলে, এডহক শিক্ষকদেরও আন্দোলনের অধিকার রয়েছে৷
শিক্ষামন্ত্রীর দাবি, ত্রিপুরা সরকার তাঁদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল৷ তাই, তাঁদের জন্য বিকল্প চিন্তাভাবনা চলছে৷ তাঁর বক্তব্য, আইনি পথেই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে৷ নয়তোবা, পূর্বতন সরকারের মতোই আদালত অবমাননার দায় বর্তাবে ত্রিপুরা সরকারের উপর৷ তাঁর আশ্বাস, আগামী মার্চের মধ্যেই চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে৷ এখন তাঁরা যেমন বেতন পাচ্ছেন প্রায় একই বেতনক্রমের মধ্যে রেখে তাঁদের জন্য ব্যবস্থা করা হবে৷ তিনি এদিন জোর গলায় বলেন, ওই শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা করবেই ত্রিপুরা সরকার৷

