নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ ভয়ঙ্কর দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও দশ জন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সিপাহীজলা জেলার অধীন চড়িলাম ছেচড়িমাই এলাকায় বাস ও ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনাটি ঘটেছে৷

পুলিশ জানিয়েছে, আগরতলা থেকে টিআর০৩ ১২৮৬ নম্বরের বাস উদয়পুরের দিকে যাচ্ছিল৷ ছেচড়িমাই এলাকায় টিআর ০১ সি ৪৩৯২ নম্বরের ম্যাক্স গাড়ির সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ম্যাক্স গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় ৩০ ফুট দুরে ছিটকে পড়েছে৷ ম্যাক্সের অধিকাংশ যাত্রীই ছিলেন সরকারি শিক্ষক৷ তারা সোনামুড়া দক্ষিণ রাঙামাটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন বলে পুুলিশ জানিয়েছে৷
বিশ্রামগঞ্জ থানার ওসি পান্না লাল সেন জানিয়েছেন, ওই বিদ্যালয়ের তিন জন শিক্ষক নিহত হয়েছেন৷ তাদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক স্বপন বন্দোপাধ্যায়, সহকারী শিক্ষক অলক চক্রবর্তীর মৃত্যু হয়েছে৷ অপর একজন শিক্ষকের পরিচয় জানা সম্ভব হয়নি৷ তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়৷ তিনি আরও জানান, ওই ম্যাক্সের অপর আরেক যাত্রী লক্ষ্মীরানী পাল (৫৭) এবং কনিকা দেবনাথ (৬২) ওই দুজনেরই মৃত্যু হয়েছে৷ তিনি জানান, নিহত শিক্ষকরা সকলেই আগরতলার বাসিন্দা৷ এদিকে, জীবন দেবনাথ(২৫), নিশা বৈদ্য(৫০), সুধীর নম(৩৪), আনুয়ার হুসেন (৩৬), নির্মল চন্দ্র রায় (৫০), শীতল পাল (৩৬) এবং স্বর্ণীনা দেবদত্ত (৩৪) গুরুতর আহত হয়েছেন৷ আরও দুজন আহত হয়েছেন তাদের নাম জানা যায়নি৷
এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, জেলা শাসক সি কে জমাতিয়া, বিশ্রামগঞ্জ থানার ওসি পান্না লাল সেন সহ বিশাল টিএসআর বাহিনী দুর্ঘটনাস্থলে ছুটে যান৷ আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা আহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন৷ বাকি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছাতে অনেকটাই বিলম্ব করেছেন৷ ফলে, স্থানীয় জনগণ আহতদের একটি গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যান৷ এরই মধ্যে জেলা পুলিশ সুপার ও জেলা শাসক ঘটনাস্থলে পৌছে গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেন৷
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের খোঁজ নিয়ে জিবি হাসপাতালে ছুটে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷
তিনি চিকিৎসকদের কাছ থেকে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন৷ হাসপাতাল থেকে বেড়িয়ে এসে উপমুখ্যমন্ত্রী জানান, ওই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক৷ তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন৷ তিনি জানান, আহতদের সমস্ত চিকিৎসার ব্যয় ভাড় ত্রিপুরা সরকার বহন করবে৷ এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এক ট্যুইট বার্তায় ওই দুর্ঘটনায় দুখঃ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, বিশ্রামগঞ্জে পথ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তা আমাকে বেদনা দিয়েছে৷ ওই ঘটনা ভীষণ দুভাগ্যজনক৷ তিনি নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন৷

