দুর্নীতির প্রতিবাদে সিঙ্গিরবিলে অবরোধ আইপিএফটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর৷৷ দুর্নীতির অভিযোগ এনে শাসক জোট আইপিএফটি’র সড়ক অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সিঙ্গিরবিল এলাকায়৷ আজ সকাল ১০টা থেকে টানা অবরোধের জেড়ে ওই এলাকা দিয়ে যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে৷ দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পর কৈলাসহর মহকুমা শাসকের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন আইপিএফটি সমর্থকরা৷ এই ঘটনাকে ঘিরে ঊনকোটি জেলায় শাসক জোট সম্পর্কে উষ্ণতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে৷

প্রসঙ্গত, চন্ডিপুর ব্লকের অধীন ৪টি এডিসি ভিলেজ এবং ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ আইপিএফটি’র৷ সরকারি কাজকর্ম লাটে তুলে দিয়ে সুবিধা ভোগীদের হাতে সুযোগ সুবিধা পৌছাচ্ছে না বলেও অভিযোগ শাসক জোট শরিকের৷ আইপিএফটি’র দাবি, ওই দুর্নীতি নিয়ে বিডিও এবং এসডিএম সহ বিভিন্ন আধিকারীকদের কাছে একাধিকবাদ অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি দুর্নীতির বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে আজ ৬ দফা দাবিতে অবরোধ আন্দোলন শুরু করেছে আইপিএফটি৷

এদিন আইপিএফটি ঊনকোটি জেলা সভাপতি জয়কিশোর দেববর্মা এবং মনোজ দেববর্মার নেতৃত্বে অবরোধ আন্দোলনে নামেন দলের কর্মী সমর্থকরা৷ সকাল ১০টা থেকে চন্ডিপুর ব্লকের অধীন সিঙ্গিরবিল এলাকায় সড়ক অবরোধ করেন শাসক জোট শরিক আইপিএফটি’র কর্মী সমর্থকরা৷ এই অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে ডিসিএম আশুরঞ্জন দেববর্মা অবরোধস্থলে ছুটে যান৷ কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় অবরোধ প্রত্যাহার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আইপিএফটি কর্মী সমর্থকরা৷ ডিসিএম আশুরঞ্জন দেববর্মা তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন৷ কিন্তু, তাতেও আইপিএফটি কর্মী সমর্থকরা অবরোধ তুলে নেননি৷ অবশেষে কৈলাসহর মহকুমা শাসক বিশাল কুমার অবরোধস্থলে গিয়ে তাদের দাবি মেনে ব্যবস্থা নেবেন বলে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷