নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ আগামী ২৩ সেপ্ঢেম্বর ৭১টি ভোটগ্রহণ কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৫টা পর্যন্ত৷ আজ বিকাল ৪ টায় সরব নির্বাচনী প্রচার শেষ হয়েছে৷ ওই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫৭,৯০৬ জন৷ লোকসভা নির্বাচনের তুলনায় ১৬৭ জন ভোটার কম৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন নির্বাচনের জেলা উপনির্বাচন আধিকারিক তথা জেলার অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাস৷ এদিকে, ভোট নিরাপত্তায় চারস্তরীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং৷

এদিন তিনি জানান, উমাকান্ত মাঠ থেকে আগামীকাল সকাল ১০টা থেকে ভোটগ্রহণ কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রগুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন৷ উপনির্বাচন আধিকারিক শ্রীদাসের কথায়, ইতিমধ্যেই ভোটগ্রহণ কেন্দ্রগুলির ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারী করা হয়েছে৷ প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভিডিওগ্রাফি করা হবে৷ তিনি জানান, এই কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ৫৭ হাজার ৯০৬ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৯ হাজার ৩৯৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২৮ হাজার ৫০৮ জন৷ সার্ভিস ভোটার আছেন ২৪২ জন৷ ইতিমধ্যেই তাদের কাছে পোষ্টাল ব্যালট পাঠিয়ে দেয়া হয়েছে৷ তবে, লোকসভা নির্বাচনের তুলনায় ওই কেন্দ্রে ১৬৭ জন ভোটার কমেছে উপ-নির্বাচনে৷ এ-বিষয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি বলেন, বিষয়টি অস্বাভাবিক নয়৷ কারণ, প্রতিনিয়ত ভোটার তালিকা সংশোধন হচ্ছে৷ ফলে, লোকসভা নির্বাচনের পর সংশোধিত ভোটার তালিকায় অনেকের নাম বাদ পড়েছে৷
সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুুপার অজিত প্রতাপ সিং জানান, নির্বাচন সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী এবং টি এস আর মোতায়েন করা হবে৷ ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চার স্তরীয় নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে৷ পুলিশ সুুপার শ্রীসিং সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে নির্ভয়ে ভোট দেবার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ উপনির্বাচন আধিকারিক তপন কুমার দাসও রাজ্যের ঐতিহ্য বজায় রেখে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও নির্বাচনে এই আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মা, এ আর ও তথা সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা উপস্থিত ছিলেন৷
এদিকে, জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক ড. মাহাত্নে সন্দীপ এন এক বিবৃতিতে জানান আজ বিকাল ৪টায় নির্বাচনের সরব প্রচার শেষ হয়েছে৷ ফ্লাইং স্কোয়াড এবং স্টেটিক সার্ভিলেন্স টিমের নজরদারী বাড়ানো হয়েছে৷ কেউ ৫০ হাজার টাকার বেশী নগদ নিয়ে চলাফেরা করলে এর উপযুক্ত নথীপত্র সঙ্গে রাখার জন্য বলা হয়েছে৷ এতে আরও বলা হয়েছে ভোটারদের ঘুষ দেয়া এবং হুমকী দেয়া শুধুমাত্র নির্বাচনী অপরাধই নয় ইণ্ডিয়ান পেনাল কোড অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধও৷ তাই এ ধরণের কাজ থেকে দূরে থাকতে এবং এধরণের কোন ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে নেবার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে৷

