বিমান ও জল পথে যোগাযোগ নিয়ে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিয়ে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন৷ এর মধ্যে রয়েছে, বিমান যোগাযোগ এবং নদী পথে যোগাযোগ৷ নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিমান যোগাযোগের ক্ষেত্রে যদি বেসরকারী সংস্থাগুলি তাদের উড়ানের সংখ্যা বৃদ্ধি করে তাহলে ত্রিপুরা উপকৃত হবে৷ তিনি বলেন, আগরতলা-দিল্লী ও দিল্লী-আগরতলা রুটে সন্ধ্যায় বিমান পরিষেবা চালু করা একান্ত জরুরী৷ কারণ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ, কেন্দ্রীয় সরকারের আধিকারীক, বেসরকারী বিনিয়োগকারীদের জন্য এই সময়ে বিমান পরিষেবা অনেক বেশী কার্য্যকরী ভূমিকা নিতে পারে৷


মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে আরও বলেন, জল পথে যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা পূর্বোত্তরের প্রবেশদ্বার হতে পারে৷ গোমতী নদীকে ভিত্তি করে ভারত বাংলাদেশ জলপথ যোগাযোগের বিষয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ তাতে দক্ষিণ ত্রিপুরা জেলা তথা রাজ্যের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে৷


রাজ্যের দূর্য্যোগ মোকাবিলা নিয়েও নীতি আয়োগের বৈঠকে গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাও বন্যার কবলে পড়ছে প্রতি বছর বর্ষার মরশুমে৷ ২০১৭ সাল থেকে ত্রিপুরায় স্বাভাবিকের চাইতে ৪৪ শতাংশ বেশী বৃষ্টিপাত হচ্ছে৷ ২০১৮ সালেও অনুরূপ বৃষ্টিপাত হয়েছে৷ রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা করা সম্ভব হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে তহবিল না থাকায়৷ তাই বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ নদী রয়েছে যথা মনু, গোমতী, দেও, ধলাই, খোয়াই এবং হাওড়া৷ প্রায় প্রতি বছরই এই নদীগুলি বর্ষার মরশুমে বন্যার কারণ হচ্ছে৷ এই নদীগুলির জন্য যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় তা থেকে রেহাই দেওয়ার জন্য বিশেষ পেকেজ ঘোষণা করার দাবী করেছেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে রাজ্যের বেশ কিছু পিছিয়ে পড়া জেলায় বিনামূল্যে রেশনে কুড়ি কেজি চাল সরবরাহ করার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তাও উল্লেখ করেছেন৷ সেই সাথে আগামীদিনে এরাজ্যে বিনিয়োগের বিষয়ে যাতে কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের উৎসাহিত করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে তার দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷