নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন ৷৷ জয় শ্রীরাম ধবনি শুনলেই জ্বলে উঠেন তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জী৷ তাই, তাঁকে মহিলা মোর্চার পক্ষ থেকে জয় শ্রীরাম লেখা ৫ লক্ষ চিঠি পাঠানো হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানালেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷ তাঁর কথায়, শুধু ত্রিপুরা থেকেই মমতা ব্যাণার্জীর কাছে মহিলা মোর্চা ২০ হাজার জয় শ্রীরাম লেখা চিঠি পাঠাবে৷

এদিন বিজয়া রাহাতকার বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ফের ক্ষমতায় এসেছে৷ তাতে, বিজেপি এবং নরেন্দ্র মোদির প্রতি দেশবাসীর অগাধ বিশ্বাস ও আস্থা আবারও প্রমাণিত হয়েছে৷ তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর সব-কা সাথ, সব-কা বিকাশ মন্ত্রে দীক্ষিত হয়ে কেন্দ্রীয় সরকার দেশবাসীর কল্যাণে কাজ করেছেন৷ এবার সব-কা সাথ, সব-কা বিকাশের সাথে সবার বিশ্বাস অর্জনেরও ডাক দেওয়া হয়েছে৷ বিজয়া রাহাতকারের বক্তব্য, ত্রিপুরায় প্রত্যেক বুথের সাথে মহিলা স্বসহায়ক দল গঠন করা হবে৷ তাতে, সুবিধাভোগীদের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হবে৷
আজ বিজয়া রাহাতকার তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জীর সাম্প্রতিক আচরণের নিন্দা করেছেন৷ তিনি বলেন, মমতা ব্যাণার্জী জয় শ্রীরাম ধবনি শুনলেই জ্বলে উঠেন৷ হিন্দু হয়েও শ্রী রাম ধবনির প্রতি তাঁর এত রাগ কেন তা এখনো বোঝা যায়নি৷ বিজয়া রাহাতকরের কথায়, জয় শ্রীরাম উচ্চারণ করা অপরাধ হতে পারে না৷ কিন্তু, মমতা ব্যাণার্জী তা শুনতে চান না৷ তিনি কটাক্ষের সুরে বলেন, তৃণমূল নেত্রী হিন্দু ভোট চাইছেন না৷ তাই, জয় শ্রীরাম ধবনির প্রতি তাঁর এত রাগ৷ তিনি বলেন, মহিলা মোর্চা জয় শ্রীরাম লেখা ৫ লক্ষ চিঠি পাঠাবে মমতা ব্যাণার্জীর কাছে৷ শুধু ত্রিপুরা থেকে মহিলা মোর্চার ২০ হাজার চিঠি যাবে তাঁর কাছে৷
বিজয়া রাহাতকরের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে বেড়েছে শুধু হিংসা আর গুন্ডাগিরি৷ কিন্তু, এবারের নির্বাচন তৃণমূল নেত্রীকে হুশিয়ারী দিয়েছে৷ তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত৷ কারণ, লোকসভা নির্বাচনের ভিত্তিতে মাত্র ২০ আসনের তফাত রয়েছে তৃণমূলের সাথে বিজেপির৷ ওই তফাত মিটিয়ে ফেলা মোটেও অসম্ভব নয় বলে দাবি করেন তিনি৷ সাথে যোগ করেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি মহিলা মোর্চা সর্বোতভাবে অংশগ্রহণ করবে৷
এদিকে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবারও দেশের মহিলাদের কল্যাণে প্রত্যাশা অনুযায়ী কাজ করবে, তা বিশ্বাস করে মহিলা মোর্চা৷ বিজয়া রাহাতকরের দাবি, গত পাঁচ বছর মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করেছে৷ তার দ্বিগুণ গতিতে এবার কাজ হবে৷

