বিভাজিত প্রদেশ কংগ্রেস, ডেমেজ কন্ট্রোলে রাজ্যে এলেন ভূপেন বোরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ তিন দিনের রাজ্য সফরে এলেন প্রদেশ কংগ্রেসের প্রভারি তথা সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন বোরা৷ রাজ্যে এসেই তিনি এআইসিসির সম্পাদক প্রদ্যুৎ কিশোরের সাথে দেখা করেন৷ শুক্রবার তিনি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির সাথে বৈঠক করবেন৷ মূলত, ২০১৯ লোকসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যে কংগ্রেসের রণকৌশল স্থির করে দিতেই তাঁর এই রাজ্যসফর বলে জানা গেছে৷ পাশাপাশি, রাজ্যে দলের অন্তর্কোন্দল কিভাবে মেটানো যায় সেই বিষয়েও তিনি দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন৷

রাজ্যে সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি অন্তর্কোন্দল প্রদেশ কংগ্রেসের সবচেয়ে বড় সমস্যা৷ দলের কর্মকর্তারা একাধীকবার শীর্ষ নেতৃত্বের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন৷ এদিন ভূপেন বোরা রাজ্যে এসে প্রদ্যুৎ কিশোরের সাথে দেখা করতে যাওয়ার সময় দলীয় কর্মকর্তাদের একাংশ তাঁর কাছে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে নালিশ জানিয়েছেন৷ অন্তর্কোন্দল প্রদেশ কংগ্রেসের সাংগঠন মজবুত করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে তাঁকে অবগত করিয়েছেন কর্মকর্তারা৷ তবে, বিভাজিত প্রদেশ কংগ্রেস শুক্রবার একত্রিত হয়ে ভূপেন বোরার সাথে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে মিলিত হবে বলে জানা গেছে৷ ভূপেন বোরাও ওই বৈঠকে সকলের অভিযোগ শুনবেন বলে দলীয় সূত্রে খবর৷ ওই বৈঠকে আগামী লোকসভা নির্বাচন নিয়ে রণকৌশল স্থির করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের দাবি৷

এদিন কংগ্রেসের বিভাজন সাফ ফুটে উঠেছে৷ ভূপেন বোরার রাজ্য সফরে একাংশ কর্মকর্তা উৎসাহি হলেও বেশ কয়েকজন তাঁকে নিয়ে নিরোৎসাহি ছিলেন৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ এবং দল থেকে বাপ্ঢু চক্রবর্তীকে বহিষ্কারের বিষয়টি নিয়েও আগামী কালের বৈঠকে আলোচনা হবে৷ সূত্রের খবর, দলীয় কোন্দল যে কোনও মূল্যে সমাপ্ত করতে চাইছে কংগ্রেস হাইকমান্ড৷ তাই, ভূপেন বোরাকে প্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দল মেটাতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, আগামীকালের বৈঠক নিয়ে একটি রিপোর্ট কংগ্রেস হাইকমান্ডকে দেবেন ভূপেন বোরা৷