অাসানসোল, ২৭ জুলাই (হি.স.) : টানা বৃষ্টিতে কুলটিতে রেললাইনে ধস নামায় জোর বিপদের হাত থেকে বেঁচে গেল রাজধানী
এক্সপ্রেস। তবে সৌভাগ্যবশত রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পর ধস নামায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে কুলটি এবং সীতারামপুরের মাঝে লাইনে ধস নামে। এরপরই বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। সালানপুর থেকে ট্রেনগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। দুর্গাপুর স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস। এদিকে, খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে মেশিন দিয়ে নয়, ম্যানুয়ালি করতে হচ্ছে রেললাইন মেরামতির কাজ। আর সেই জন্য সময় আরও বেশি লাগছে। রেলের ডিআরএম জানিয়েছেন, জোরকদমে কাজ চলছে। কিন্তু ২৪ ঘণ্টা লেগে যাবে রেললাইন সারানোর কাজ পুরোপুরি শেষ হতে। শনিবারের আগে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। এই ঘটনায় ইতিমধ্যে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এখনও বিভিন্ন স্টেশনে আটকে বেশ কিছু ট্রেন।
2018-07-27

