পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন, তেলিয়ামুড়ায় চালক বিহীন ট্রিপার ট্রাকের তান্ডব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, অমরপুর, তেলিয়ামুড়া, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম হয়েছেন তিনজন৷ এছাড়া বেশ কয়েকটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
বিশালগড় বাজারের মূল সড়কে এনএল-০১- এন-৭২৮৬ নম্বরের একটি তেলের ট্যাঙ্কার ট্রাক বিশালগড় হয়ে আগরতলা যা্যয়ার সময় এক বাইসাইকেল অরোহীকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে৷ ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এবং পুলিশ৷ রক্তাক্ত বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে পাঠানো হয়৷ বাইসাইকেল আরোহীর নাম পল্লব বলে জানা গিয়েছে৷ এদিকে দূর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ ট্রাকটি আটক করেছে৷ অনুসন্ধান চালানো হচ্ছে ট্রাক চালক ও মালিকের নামধাম জানার জন্য৷
এদিকে, পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক৷ ঘটনা নতুন বাজার থানাধীন চেলাগাঙ মুখ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর তিনটা নাগাদ চেলাগাঙ মুখ এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষজন৷ পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবকটিকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়৷ অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক প্রণজিৎ দাস প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে রেফার করে দেয়৷ চিকিৎসকের মতে যুবকটির অবস্থা খুবই আশঙ্কাজনক৷ মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় রক্ত বমি করছে৷ তবে যুবকটির কোন পরিচয় জানা যায়নি৷ কিভাবে পথ দুর্ঘটনা হয়েছে এই ব্যাপারেও পুলিশ কিছু বলতে পারছে না৷ তবে রাস্তায় আহত অবস্থায় পরে থাকা যুবকের পাশ থেকে টিআর০১-এবি-১৭০৪ নম্বরের একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়৷ বাইকের মধ্যে তল্লাশি করেও কোন কাগজপত্র পাওয়া যায়নি৷ নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে বলে জানা যায়৷
অন্যদিকে, রাণীরবাজারের মোহনপুর এলাকায় আসাম-আগরতলা জাতীয়সড়কে একটি লরির ধাক্কায় ছিটকে পড়ে শনিবার রাতে সিআরপিএফের এক জওয়ান আহত হয়েছে৷ আহতকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রাণীরবাজার থানাধীন মোহনপুরে শনিবার মধ্যরাতে দ্রুতগামী লরির ধাক্কায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম অশিন্ত শর্মা৷ বাড়ি রাণীরবাজারের মোহনপুর এলাকায়৷ জানা যায়, তিনি মোহনপুর থেকে হেঁটে আগরতলার দিকে আসছিলেন৷ হঠাৎ একটি লরি পেছন দিক থেকে এসে পথচারীকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷
এদিকে, আজ দীপাবলির বাজার৷ গোটা বাজার এলাকায় ছিল মানুষের ভীড়৷ এক সময় তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌহমুনী থেকে পুরাতন টি আর টি সি সংলগ্ণ জাতীয় সড়কে মানুষ পথচারীরা এলো পাথারি দৌড়াদৌড়ি শুরু করে৷ অনেকে ঘটনার আঁচ পেয়ে দৌড়াচ্ছে আবার কেউ কেউ অন্যদের দেখে দৌড়াতে শুরু করে৷ হঠাৎ করে বিকট কয়েকটি শব্দে থমকে পরে সকলেই৷ এটা কোন বোমা ফাটার শব্দ নয়, শব্দটা আসলে, চালক বিহীন ট্রিপার গাড়ীর তান্ডব লীলা৷ চালক বিহীন ট্রিপার গাড়ি পরপর চারটি দুর্ঘটনা ঘটিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকা থেকে প্রায় দেড়শো মিটার দূরত্বে পুরাতন টি আর টি সি এলাকায় শনিবার দুপুরে৷ এই দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও চারটি যান বাহনের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এদিন দুপুর একটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন কোন এলাকা থেকে টিআর০১-১৭২৫ নম্বরের ট্রিপার গাড়ী আগরতলার দিকে যাচ্ছিল৷ অম্পি চৌমুহনী এলাকায় আসামাত্রই প্রতক্ষদর্শীরা দেখতে পায় গাড়ীতে চালক নেই৷ চালক বিহীন গাড়ী দেখে মুহুর্তের মধ্যে এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীরা দৌড়াতে শুরু করে৷ প্রথমে টিআর০৩-০৬২২ নম্বরের মারুতি ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে রাস্তায় পাশে ফেলে দেয়৷ পরপর টিআর০৩-বি-২৬৯৮, টিআর০৬-২২৩২ সহ আরেকটি অটোকে পেছন দিকে ধাক্কা দিয়ে ওয়ান ওয়ে পার করে ফুটপাতের উপর বিকল হয়ে পরে থাকা গাড়ীটিকে ধাক্কা দিয়ে থেমে যায়৷ যদিও বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেল গোটা তেলিয়ামুড়াবাসী৷
এদিকে একাংশ জনগণদের অভিমত, তেলিয়ামুড়া ট্রাফিক ব্যাবস্থা খুবই দুর্বল৷ প্রতিদিন কোন না কোন ভাবে দুর্ঘটনা ঘটে চলছে৷ এদিকে একাংশের আরো অভিমত, তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়কের দুই পাশেই যান বাহনের ভীড় থাকে৷ বিশেষ করে অম্পি চৌহমুহনী এলাকা থেকে পুরাতন টি আর টিসি এলাকা পর্যন্ত যানজট নিত্যদিনের ঘটনা৷ এনিয়ে সংশ্লিষ্ট দফতরে এলাকাবাসীদের পক্ষ থেকে বহুবার আবেদন জানানো হলেও কোন কর্ণপাত করেনি দফতর কোন এক অজ্ঞাত কারনে৷ এদিকে একাংশ এলাকাবাসীদের অভিযোগ, গাড়ীটির ফিটনেস না থাকলেও গাড়ীটি রাস্তায় কি করে উঠল এলাকাবাসীদের মধ্যে ব্যাপক প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷ একাংশের আরো অভিযোগ, তেলিয়ামুড়া শহরে এমন অনেক যানবাহন প্রতিনিয়ত চলছে, যাদের পরিবহন দফতরের গাইড লাইন অনুসারে প্রয়োজনীয় কাগজ পত্র নেই৷ তারপরেও বছরের পর বছর রাস্তায় উপর যান বাহন চলছে৷ এখন দেখার বিষয় খোয়াই জেলা পরিবহন দফতর ও যান দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি, অবৈধ্য ভাবে চলে আসা যান বাহনের বিরুদ্ধে কতটুকু পদক্ষেপ গ্রহণ করেন৷