নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: কেন্দ্রের বিজেপি সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিল প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে কর্মসংস্থান বৃদ্ধি, কালো টাকা উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ১২ বছরে সেই প্রতিশ্রুতিগুলির অধিকাংশই পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নোটবন্দির সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি জিএসটি ব্যবস্থার কারণে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
কংগ্রেসের দাবি, দেশে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ কমেছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন দলের নেতৃত্ব।
এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু তুলে ধরে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বাজার, হাট ও বিভিন্ন জনবহুল এলাকায় সভা ও প্রচার কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।



















