উদয়পুর, ২৪ মে : উদয়পুর মহকুমা শহর ও সংলগ্ন এলাকাগুলিতে ধারাবাহিক চুরির ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছিল, ঠিক সেই সময় বড়সড় সাফল্য পেল রাধাকিশোরপুর থানার পুলিশ। মাতাবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২২ তারিখ গভীর রাতে, আনুমানিক সাড়ে তিনটা নাগাদ মাতাবাড়ি এলাকার পরপর তিনটি বিখ্যাত পেড়া দোকানে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরের দল দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে দোকান মালিকরা বিষয়টি টের পেয়ে রাধাকিশোরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কর্মীদের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এরপরই একটি বিশেষ টিম গঠন করে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাকড়াবন কলেজ টিলা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া প্রায় ২৫ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের রবিবার উদয়পুর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উদয়পুর শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, শুধুমাত্র এই একটি ঘটনায় সাফল্য পেলেই চলবে না, শহরে ক্রমবর্ধমান চুরি ও নেশাজনিত অপরাধ দমনে পুলিশকে আগামীদিনেও একইভাবে সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে।



















