নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে:
বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেলে আগরতলার নারায়ণপুর শ্রীপল্লী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম সুভাষ সরকার (৩৩)। তিনি মৃত সুকুমার সরকারের পুত্র বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম অজিত মালাকার।
স্থানীয় সূত্রে খবর, বিকেলে বৃষ্টির সময় দু’জন জমিতে কাজ করছিলেন। আচমকাই প্রবল বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনির নিচে আশ্রয় নেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে দু’জনই গুরুতরভাবে আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুভাষ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত অজিত মালাকারের চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















