আগরতলা, ২৪ মে : কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নিয়ম মেনেই রবিবার শহরের বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)এর পরীক্ষা। তার মধ্যে রাজধানীর উমাকান্ত
একাডেমিতেও ছিল একটি পরীক্ষা কেন্দ্র। এদিন ও সকাল থেকেই বিদ্যালয়ের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়।
পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করলেও, অনেক পরীক্ষার্থীকে শেষ মুহূর্তে দৌড়ে কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়।
তবে সকাল ৯টার পর পৌঁছানোয় পরীক্ষার্থীদের কাউকেই পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। নির্ধারিত সময় অতিক্রম করায় বহু পরীক্ষার্থীকে হতাশ হয়ে কেন্দ্রের বাইরে থেকেই ফিরে যেতে হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে উত্তেজনাও সৃষ্টি হয়।
পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। পরীক্ষার্থীদের প্রবেশের আগে কড়া তল্লাশি চালানো হয় এবং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ করা হয়।
পরীক্ষা পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ইউপিএসসি-র নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সময়সীমা কঠোরভাবে মেনে চলা হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই নিয়ম কার্যকর করা হয়।



















