আগরতলা, ২৪ মে: অবৈধ কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে রাজধানীর বিকে রোডস্থিত বিজয়া প্যালেস হোটেলে অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানের সময় হোটেলের একাধিক কক্ষে তল্লাশি চালানো হলেও, পুলিশের দাবি তেমন কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব আগরতলা থানার একটি দল হোটেলে পৌঁছে কয়েকটি রুমে তল্লাশি চালায়। তবে অভিযানের মাঝেই হোটেল মালিকের সঙ্গে পুলিশের ব্যক্তিগতভাবে কথাবার্তা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর আর হোটেলের বাকি কক্ষগুলিতে তল্লাশি চালানো হয়নি বলেও দাবি স্থানীয়দের একাংশের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ কার্যকলাপের নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরও কেন সমস্ত রুমে তল্লাশি চালানো হলো না, তা স্পষ্ট করা উচিত পুলিশের। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়েছে।
অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে তল্লাশিতে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত তেমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।
ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এমন সংবেদনশীল ঘটনায় স্বচ্ছতা বজায় রেখে তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি না হয়।



















