কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): সন্দেশখালির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশের ভূমিকা নিয়েই মামলা দায়ের করেছে ইডি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছেন ইডির আইনজীবী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা হয়েছে। এদিকে তারা জানতে পারেন, মারধর খাওয়া ইডি অফিসারদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, ইডির অফিসারের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছে তা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি। কিন্তু সকলে জানে এফআইআর হয়েছে ইডির অফিসারের বিরুদ্ধে।
এদিকে এফআইআরের কপি চাওয়া সত্ত্বেও কোনও রকমভাবে তাদের দেওয়া হচ্ছে না দাবি করেন ইডির আইনজীবী। শুধু তাই নয়, আদালতে ইডি জানিয়েছে, তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা।

